ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, সরকার জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের সঙ্গে লুকোচুরি খেলছে। সরকার জ্বালানি পর্যাপ্ত থাকার দাবি করলেও সাধারণ মানুষ পেট্রোল পাম্পে গিয়ে তা পাচ্ছে না। লোডশেডিংয়ের কারণে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অর্থনীতি নিম্নমুখী হওয়ার পেছনে সরকারের অদক্ষতা ও সংকট মোকাবিলায় ব্যর্থতাকে দায়ী করেন তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার যদি দেশের বিদ্যমান সংকটগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারে, তবে তাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। দীর্ঘ ১৭ বছরের লড়াই-সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে যেমন আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতেও যদি কেউ বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদী শাসন কায়েম করার অপচেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম চলমান থাকবে।
এনসিপির এই নেতা স্পষ্টভাবে জানান, গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না। দেশের সংকট নিরসন ও রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে পাটওয়ারী বলেছেন, কেউ যদি ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চালায়, তবে রাজপথে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করা হবে।