ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক সংগ্রামের ভেতর থেকে জন্ম নেওয়া এনসিপি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে তার দল।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করে আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে চাই, যার মাধ্যমে বাংলাদেশে বৈষম্য দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
তিনি বলেন, নির্বাচনের সময় আমরা জনগণকে কথা দিয়েছিলাম যে এটি কেবল সাধারণ নির্বাচন নয়, বরং দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কিন্তু দুঃখজনকভাবে নির্বাচনের পর সরকার গঠনের সময় সেই গণভোটের রায়কে অস্বীকার করা হয়েছে।
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ না করে এই নির্বাচনকে কেবল ক্ষমতার পরিবর্তনের একটি সাধারণ নির্বাচনে রূপান্তর করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।
দেশে পুনরায় বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে আবারও ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে। যদি দেশে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার কোনো অপচেষ্টা চালানো হয়, তবে দেশের মানুষ আবারও সংগঠিত হবে এবং এনসিপির নেতৃত্বে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলবে।
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, সারাদেশ থেকেই এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের লক্ষ্য একটি মর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। পরিশেষে তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে আরও বেশি সংগঠিত হওয়ার আহ্বান জানান।