ঢাকা: জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার কৃত্রিম নাটক করছে এবং পরিকল্পিতভাবে তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘তেলের কোনো সংকট নেই। সরকার সংকট নেই বলে দাবি করলেও পরে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এটি সরকারের একটি পরিকল্পিত কাণ্ড। সিন্ডিকেটের প্রভাবেই তেলের দাম বাড়ানো হয়েছে। সরকার জনগণের ভোগান্তি তৈরি করেছে।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি বা যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকারও আগের সরকারের মতোই প্রতিক্রিয়া দেখাচ্ছে।’
সংবাদ সম্মেলনে এনসিপির সঙ্গে বিভিন্ন সংগঠনের যুক্ত হওয়া প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘এই মুহূর্তে আমাদের একটি বিস্তর ঐক্যের প্রয়োজন, যার কারণেই বিভিন্ন সংগঠনকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কোনো পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যেতে চাই না, কারণ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে।’
এ সময় তিনি ব্যঙ্গ কার্টুন তৈরির দায়ে এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে বাকস্বাধীনতা হরণ বলে অভিহিত করেন।
উল্লেখ্য, একই সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ ও এবি পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ মোট ৪৭ জন সদস্য আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। যোগদানকারী নেতাদের মধ্যে আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, রিফাত রশিদ ও ব্যারিস্টার সানী আব্দুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় বৃহত্তর প্রয়োজনে এই মুহূর্তে সবার একীভূত হওয়া অপরিহার্য।
সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনা করে তারা বলেন, সরকার সিন্ডিকেটের প্রভাবে জনগণের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দিয়েছে।