Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারুণ্যের শক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৬:১৫

বক্তব্য দিচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কোকোর স্মৃতিকে ধরে রাখতে তার ক্রীড়া ভাবনা ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

সেই সঙ্গে ক্রীড়া ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ, ঐক্যবদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

‎শনিবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ’ আয়োজিত কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‎মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘আরাফাত রহমান কোকো শুধু একজন ক্রীড়া সংগঠক ছিলেন না; তিনি উপলব্ধি করেছিলেন যে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াঙ্গনে শ্রেষ্ঠত্ব অর্জনের কোনো বিকল্প নেই। আজকের বাংলাদেশে ক্রিকেটের যে বৈশ্বিক অবস্থান, তার ভিত্তি রচনায় তার নিঃস্বার্থ ও দূরদর্শী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।’

‎প্রযুক্তি ও শিক্ষার পাশাপাশি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘ক্রীড়া, ঐক্য ও তারুণ্য— এই তিনটি শক্তিকে কাজে লাগিয়েই আমরা আগামীর উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি। আইসিটি ও বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ দেশের জন্য গৌরব বয়ে আনবে।’

‎তিনি কোকোর স্মৃতি ধরে রাখতে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে, ক্রীড়াক্ষেত্রে তার স্বপ্নকে বাস্তবায়নের ওপর জোর দেন। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাধুলায়ও এমন উদ্যোগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

‎কোকোর স্মৃতি জীবন্ত রাখতে সংগঠনের যেকোনো ইতিবাচক উদ্যোগে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘ক্রীড়ার মাধ্যমেই তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশের ইতিবাচক শক্তিতে পরিণত করা সম্ভব।’

‎প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্মকে তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।’

‎আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন