ঢাকা: সাতজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার।
শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী এম রশিদুল ইসলাম মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং মন্ত্রী সার্চিং প্রু-কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মন্ত্রী আন্দালিভ রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী মিজ আফরোজা খানকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, Rules of Business, 1996-এর Rule 3(iv) অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে এসব দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টনের ফলে এর আগে ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি প্রজ্ঞাপনটি জারি করেন।