ঢাকা: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী।
শুক্রবার (২১ আগস্ট) অভিনন্দন বার্তায় কাজী মহসিন চৌধুরী বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা। রাষ্ট্রপতি হিসেবে তিনি সংবিধান ও আইনের শাসনের প্রতি অবিচল থেকে নিরপেক্ষতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। তাই দল-মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের সব নাগরিকের অধিকার, মর্যাদা ও সমতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা সমুন্নত রাখা রাষ্ট্রপতির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিএসপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্ব ও সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশে শান্তি, স্থিতিশীলতা, আইনের শাসন, গণতন্ত্র ও সুশাসনের পরিবেশ আরও সুদৃঢ় হবে।
অভিনন্দন বার্তায় তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।