ঢাকা: প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া আরও কার্যকর করতে এবার শ্রীলঙ্কা যাচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) দুই সদস্যের প্রতিনিধিদল। তারা শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ‘রিজিওনাল কনফারেন্স অন আউট-অফ-কান্ট্রি ভোটিং (ওসিভি)’-এ অংশ নেবে।
শনিবার (১৫ আগস্ট) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
ইসির এক আদেশে জানানো হয়, ‘রিজিওনাল কনফারেন্স অন আউট-অফ-কান্ট্রি ভোটিং (ওসিভি)’-এ অংশ নিতে শ্রীলঙ্কা সফর করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ও নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি উইংয়ের সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন।
আগামী ১ ও ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সহযোগিতায় এই আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইসির আদেশ অনুযায়ী, দুই সদস্যের প্রতিনিধি দলটি ৩১ আগস্টের কাছাকাছি সুবিধাজনক কোনো তারিখে অথবা উপযুক্ত সময়ে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে ৩ সেপ্টেম্বর অথবা উপযুক্ত কোনো তারিখে তারা ঢাকায় ফিরবেন।