Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ সম্পর্ক বাড়াতে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ১৩:০০

ঢাকা: বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫টি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বৈঠক শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও অ্যাম্বাসেডর অটুল কেসব।

মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষ কোম্পানির প্রায় ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল গত তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। আজ প্রধানমন্ত্রীর সঙ্গেও তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সরকারের বিভিন্ন ম্যানিফেস্টো ও নীতিগত উদ্যোগ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধির পথে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজকের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকর হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

ব্রিফিংয়ে অ্যাম্বাসেডর অটুল কেসবও বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহের কথা জানান।

প্রতিনিধিদলে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল, ইউএস চেম্বার অব কমার্স, এক্সেলারেট এনার্জি, মেটা, ভিসা, ইউএস এক্সপোর্ট কাউন্সিল, মেটলাইফ, উবার এশিয়া গ্রুপ, এপিআর এনার্জি, ভিএফ করপোরেশন, এগ্রিসায়েন্স, সেলসফোর্স, সিসকো, এইচএসবিসি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

গত তিন দিনের ধারাবাহিক বৈঠক ও প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

সারাবাংলা/এমএমএইচ/ এএ্
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর