Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় নির্বাচনে ২৫ দিন আগেই চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১৯:৪৭

বাংলাদেশ নির্বাচন কমিশন ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সবধরনের স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্র চূড়ান্ত করার নতুন নিয়ম কার্যকর করেছে। সম্প্রতি ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) নির্বাচন কমিশন সূত্রে বিষয়টি জানা গেছে।

সূত্র জানায়, আগের নিয়ম অনুযায়ী, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা ভোটগ্রহণের ১৫ দিন আগে চূড়ান্ত করার বাধ্যবাধকতা ছিল। তবে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে থেকেই ২৫ দিন আগে কেন্দ্র চূড়ান্ত করার নিয়ম চালু ছিল। ফলে সব স্থানীয় সরকার নির্বাচনে অভিন্ন নীতি বজায় রাখার লক্ষ্যে জেলা ও উপজেলা পরিষদের সময়সীমাও বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন এই সংশোধিত নীতিমালায় ভোটকেন্দ্রের বুথ ব্যবস্থাপনায়ও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সব ধরনের স্থানীয় নির্বাচনে প্রতি ৬০০ জন পুরুষ ভোটারের জন্য একটি এবং প্রতি ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বা বুথ রাখার বিধান রাখা হয়েছে।

ইসি সূত্র আরও জানায়, আগামী আগস্টের মাঝামাঝি সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে এই স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। এ লক্ষ্যে স্থানীয় সরকারগুলোর সীমানা বিন্যাস দ্রুত শেষ করার জন্য এরই মধ্যে সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্রথম সভার তারিখ জানানোর নির্দেশ দিয়েছে কমিশন।

মূলত দেশের অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানই বর্তমানে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হওয়ায় এই নির্বাচন আয়োজনের তোড়জোড় চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর