Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এআই প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১৬:০২ | আপডেট: ১১ জুলাই ২০২৬ ১৬:১৬

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম

ঢাকা: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং গবেষণা-উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (১১ জুলাই) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’ এবং ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু একটি প্রযুক্তি নয়, বরং ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম চালিকাশক্তি। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই।‘

বিজ্ঞাপন

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা ও প্রশাসনসহ প্রায় সব ক্ষেত্রেই এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের তরুণদের প্রস্তুত করতে হবে।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ভিত্তিক এআই গবেষণা ল্যাবগুলো গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এসব ল্যাব শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি শিল্প-উপযোগী সমাধান উদ্ভাবন এবং গবেষণাভিত্তিক নতুন উদ্যোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ফকির মাহবুব আনাম জানান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে সরকারের ধারাবাহিক বিনিয়োগ দেশের ডিজিটাল রূপান্তরের ভিত্তি আরও শক্তিশালী করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে। পাশাপাশি সারাদেশে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৪৫টি এআই প্রকল্পের মধ্য থেকে সম্ভাবনাময় প্রকল্পগুলোকে সরকার ও আইসিটি মন্ত্রণালয়ের স্টার্ট-আপ ফান্ডসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে উদ্বোধন করা হয় অত্যাধুনিক এআই গবেষণা ল্যাব, যেখানে উচ্চক্ষমতাসম্পন্ন এনভিডিয়া জিপিইউসমৃদ্ধ কম্পিউটার স্থাপন করা হয়েছে। ল্যাবটিতে পূর্ণকালীন গবেষকরা বাস্তব সমস্যার সমাধান, এআই এজেন্ট উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনে কাজ করবেন। পরে ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এ অংশ নেওয়া ১৪৫টি প্রকল্পের মধ্য থেকে ছয়টি ক্যাটাগরিতে ১২টি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আর. কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সামস ইকবাল, কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সারওয়ার হোসেন মোল্লাসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর