Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ২১:৩০

বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

ঢাকা: জাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের একটি ডেটাবেইজ তৈরি ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।

ভোলা-১ আসনের এই সংসদ সদস্য বলেন, দেশের অর্থনীতিতে যাকাত একটি বড় ‘হিডেন ইকোনমি’ বা লুকানো সম্পদ হিসেবে রয়েছে, যার কোনো সুনির্দিষ্ট হিসাব এখন পর্যন্ত নেই। প্রতিটি নির্বাচনি আসনে এ ধরনের তথ্যভাণ্ডার থাকলে দেশে-বিদেশে থাকা দাতা ও প্রবাসীরা সহজেই প্রকৃত প্রাপকের কাছে তাদের যাকাত পৌঁছে দিতে পারবেন।

বিজ্ঞাপন

আন্দালিব রহমান পার্থ যাকাত ব্যবস্থাকে আরও জনপ্রিয় ও সহজলভ্য করার লক্ষ্যে সরকারি উদ্যোগে একটি ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব করেন। তিনি মনে করেন, ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করে যাকাত প্রদানের বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ দিলে তা সামাজিক সুরক্ষায় বড় অবদান রাখবে।

তিনি বাজেটের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এতিম, নারী, বিপন্ন ও শারীরিক চ্যালেঞ্জড মানুষের জন্য বাজেটে যে সংবেদনশীলতা দেখানো হয়েছে, তা বর্তমান সরকারের জনকল্যাণমুখী মানসিকতারই প্রতিফলন।

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, প্রচলিত ব্যবস্থা থেকে রাতারাতি ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তর সম্ভব না হলেও এ খাতের সম্প্রসারণে সরকারকে সক্রিয় হতে হবে। তিনি বলেন, যুক্তরাজ্য ও মালয়েশিয়াসহ বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এখন জনপ্রিয় ও স্বীকৃত। মাঝে কিছু ব্যাংকে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সমস্যাটি ব্যাংকিং ব্যবস্থায় নয়, বরং যারা ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত ছিল তাদের মধ্যে। ইসলামী ব্যাংকিং দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক ভূমিকা রাখবে।

আন্দালিব রহমান পার্থ আরও বলেন, বিগত সরকারগুলোর সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিকল্পিত লুটপাটের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ে ধস নেমেছিল। বর্তমান সরকারের চার মাসে বড় কোনো ব্যাংক লুট বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্নীতির ঘটনা ঘটেনি।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধারা বজায় থাকলে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর