ঢাকা: চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ আরও ৩ জন বাংলাদেশি হাজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের “হজ বুলেটিনের” তথ্য সূত্রে এসব জানা গেছে।
”হজ বুলেটিনের” তথ্য অনুযায়ী, সর্ব্বশেষ গতকাল ৩ জুন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের জাহানারা বেগম (৫৪) নামে হাজী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)।
সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মৃত ৪৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৬ জন মহিলা। এর মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিয়মানুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়েছে।
বর্তমানে সৌদি আরবের বিভিন্ন স্থানের স্থানীয় হাসপাতালে ভর্তি হওয়া হজযাত্রী/হাজির সংখ্যা মোট ১৭ জন। আন-নুর হাসপাতাল: ০৫ জন, কিং আব্দুল আজিজ হাসপাতাল(জাহের): ০৪ জন, কিং ফয়সাল হসপিটাল: ০২ জন, আবির গ্রুপ (সৌদি ন্যাশনাল হাসপাতাল, আজিজিয়া): ০৬ জন।
এদিকে, চলতি বছর হজের আনুষ্ঠানিকতা ও পরবর্তী সময়ে এখন পর্যন্ত সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সর্বমোট ২৫১ জন হাজি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন হাজি। এর মধ্যে আন-নুর হাসপাতালে ৫ জন, কিং আব্দুল আজিজ হাসপাতালে(জাহের) ৪ জন, কিং ফয়সাল হসপিটালে ২ জন, আবির গ্রুপ (সৌদি ন্যাশনাল হাসপাতালে, আজিজিয়া) ৬ জন ভর্তি আছেন।