Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খলিলুর রহমানকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও চীনা দূতাবাসের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৩:২৩ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৬:০১

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস থেকেও খলিলুর রহমানকে অভিনন্দন জানানো হয়।

বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর প্রথম অভিনন্দন জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কিছুটা শীতলতা নেমে আসে। ২০২৬ সালের নির্বাচনের পর দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটতে থাকে। তাই জাতিসংঘের ভোট অত্যন্ত গোপন ব্যালটে অনুষ্ঠিত হয়েছে। তবে ভারত জাতিসংঘে বাংলাদেশকে ভোট দিয়েছে। কারণ নির্বাচনের প্রচারকালে ভারত, চীন ও পাকিস্তানসহ অন্যান্য দেশ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। সেই কারণেই ভারত ও চীন শুরুতেই শুভেচ্ছা জানায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) এক ফেসবুক পোস্টে এস জয়শঙ্কর বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের অভিন্ন অগ্রাধিকারগুলোকে এগিয়ে নিতে এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করি।’

অন্যদিকে ফেসবুক পোস্টে চীনা দূতাবাস বলেছে, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়ায় চীন পক্ষ আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। এটি বহুপক্ষীয়তা ও আন্তর্জাতিক সহযোগিতা প্রসারে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং এর গঠনমূলক ভূমিকার প্রতিফলন।

দূতাবাস আরো বলে, ‘চীন পক্ষ আশা ও বিশ্বাস প্রকাশ করে যে নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান সব সদস্যকে ঐক্যবদ্ধ করবেন, সার্বভৌম সমতা সমুন্নত রাখবেন, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করবেন, সংলাপ ও আলোচনাকে উৎসাহিত করবেন এবং বহুপক্ষীয়তার ভিত্তি সুসংহত করবেন। চীন পক্ষ ড. খলিলুর রহমানকে তার দায়িত্ব পালনে সমর্থন জানাতে প্রস্তুত।’

উল্লেখ্য, ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী এক বছর সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে সর্বমোট ১৯০টি দেশ অংশ নেয়। এর মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর