ঢাকা: পবিত্র হজ পালন শেষে সুশৃঙ্খলভাবে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের হাজিরা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে এসেছেন আরও ৩,৬৫৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত ২১,৩৪৩ জন হাজি নিরাপদে দেশে ফিরেছেন।
বুধবার (৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের “হজ বুলেটিনের” তথ্য সূত্রে এসব জানা গেছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ২৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ১৮,৮৪৩ জন হাজি।
হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ৫২ টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫টি ফ্লাইটে ৬,২৩৭ জন, সৌদি এয়ারলাইন্স ১৮টি ফ্লাইটে ৭,৩৫৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইটে ৭,৭০০ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ২৮ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।
হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৫৪,২৯৮ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৪,৮০০ টি সেবা প্রদান করা হয়েছে।
চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। পবিত্র হজ পালন শেষে এখন দেশে ফেরার পালা। ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।