ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনে সংঘাত ও রক্তপাত বন্ধ করাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এমএম নাসির উদ্দিন।
তিনি বলেন, অতীতে এই নির্বাচনে ব্যাপক প্রাণহানির রেকর্ড রয়েছে, যা বন্ধ করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে জাতীয় নির্বাচনের মতো সবার সহযোগিতা ও রাজনৈতিক দলগুলোর সমর্থন পেলে স্থানীয় সরকার নির্বাচনও সংঘাতমুক্ত করা সম্ভব।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীতে একটি হোটেলে ‘আনফ্রেল’ আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
তিনি অতীতের সহিংসতার উদাহরণ দিয়ে জানান, ২০১৬ সালে ২৩৬ জন এবং ২০২১ সালে ১১৬ জন নির্বাচনি সহিংসতায় মারা যান। এই ধারা পরিবর্তনের জন্য ইসি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এবং দ্রুতই স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবে।
তৃণমূলের গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারগুলো সরাসরি জনগণের সেবার সঙ্গে জড়িত। দেশে সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা ও ১৩টি সিটি করপোরেশনসহ বিশাল নির্বাচনি কাঠামো রয়েছে, যা সুষ্ঠুভাবে সম্পন্ন করা একটি বড় কর্মযজ্ঞ।
দলীয় সরকারের অধীনে নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্বাচনের মূল অংশীজন এবং প্রশাসন ও আইনশৃঙ্খলার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তবে অন্তর্বর্তীকালীন সরকার বছরের পর বছর চলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি দ্রুত একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের তাগিদ দেন। ইসি কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, বরং ভোটারদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর বলে জানান তিনি।