Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ কোটি বৃক্ষরোপণ সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগ: নজরুল ইসলাম খান

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ২১:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ। এ কর্মসূচি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।

সোমবার (১১ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেলের দ্বিতীয় সভায় তিনি একথা বলেন।

সভায় বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য চারা সংগ্রহ, উপযুক্ত প্রজাতির গাছ নির্বাচন, অঞ্চলভিত্তিক মাটির গুণাগুণ অনুযায়ী বৃক্ষ নির্ধারণ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক মনিটরিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সড়ক ও মহাসড়ক বিভাগসহ বিভিন্ন দফতর ও সংস্থার বৃক্ষরোপণ কার্যক্রম সেলের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ২০২৬ সালের মধ্যে প্রথম ধাপে ৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি মাটির ধরন অনুযায়ী উপযুক্ত প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন এবং টেকনিক্যাল কমিটির সুপারিশ বাস্তবায়নে বন অধিদফতরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, একই সঙ্গে বন উজাড় রোধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বন অধিদফতরের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ও টেকনিক্যাল এক্সপার্ট ড. মো. সাইমুম পারভেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবি উপস্থিত ছিলেন।

এছাড়াও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর