Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৭:২১ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:২৯

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি।

ঢাকা: সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছরের প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১১টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী দিনে মোট ১৪টি ফ্লাইট হজযাত্রী পরিবহণ করবে; যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) তিনটি এবং ফ্লাইনাস তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

বিজ্ঞাপন

আরও জানানো হয়, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন সৌদি আরব যাবেন।

চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহণ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অবশিষ্ট ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী বহন করবে। আগামী ২১ মে প্রি-হজ ফ্লাইট কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

এবারের প্রি-হজ মৌসুমে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই পর্যন্ত চলবে। সকল হজযাত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানানো হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর