Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইটে সৌদি আরব গেলেন ৩৭১ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১১:৩৪

চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে চলতি বছরের হজ মৌসুমের প্রথম ফ্লাইটে ৩৭১ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া একই ফ্লাইটে ঢাকা থেকে আরও ৪১ জন হজযাত্রী এবং দুজন সাধারণ যাত্রী ছিলেন।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৫ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিশেষ এই হজ ফ্লাইটের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক।

বিজ্ঞাপন

প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন শাহ আমানত বিমানবন্দরে চলতি মৌসুমে হজ ব্যবস্থাপনার নানা বিষয়ে জানতে চান এবং হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় নানা উদ্যোগ নেওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতি সন্তোষ জানান।

এ সময় তিনি এ বিমানবন্দরের টার্মিনালের প্রয়োজনীয় সম্প্রসারণের বিষয়ে সরকারের ইতিবাচক আগ্রহের কথা তুলে ধরেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, চলতি বছর চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে ছয় হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন। তাদের পরিবহনে ১৯ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মোট ১৬টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ১২টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং চারটি ফ্লাইট মদিনায় যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত বিভিন্ন সময়ে বাকি ফ্লাইটগুলো চট্টগ্রাম থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এসব ফ্লাইটের মাধ্যমে ধাপে ধাপে চট্টগ্রাম অঞ্চলের হজযাত্রীরা পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছাবেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। যাত্রীদের চেক-ইন, ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনায় আলাদা সহায়তা সেবা চালু রাখা হয়েছে, যেন তারা স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারেন।

সারাবাংলা/এসএন/ইআ
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ডিবিএল গ্রুপ
২০ এপ্রিল ২০২৬ ১৩:১৩

আরো

সম্পর্কিত খবর