Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১১:৪২ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:১৮

টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: পহেলা বৈশাখের উৎসবমুখর দিনে কৃষকদের জন্য বিশেষ উপহার নিয়ে টাঙ্গাইল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের মূল লক্ষ্য হচ্ছে সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তার বিশেষ গাড়ি বহর টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল জনসভায় এই কার্যক্রমের সূচনা করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে প্রতীকীভাবে এই আধুনিক ‘কৃষক কার্ড’ তুলে দেবেন।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্ডটি কৃষকদের জন্য একটি ডিজিটাল পরিচয়পত্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি প্রণোদনা, সার-বীজের ভর্তুকি এবং অন্যান্য আর্থিক সহায়তা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি গ্রহণ করতে পারবেন। ফলে কৃষি খাতের দুর্নীতি রোধ এবং প্রান্তিক কৃষকদের ক্ষমতায়ন আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমান প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। এর আগে সরকার সফলভাবে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছে, যা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, নতুন এই কৃষক কার্ড প্রবর্তনের ফলে বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে রাষ্ট্রীয় সুবিধা পৌঁছে দেওয়া আরও সহজতর হবে। এই প্রকল্পের মাধ্যমে বর্তমান সরকার তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি কৃষি বিপ্লবকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

 

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর