ঢাকা: জুলাই অভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে শনিবার (৪ জুলাই) এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেই স্মরণ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিন সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) এই স্মরণসভাটি অনুষ্ঠিত হবে। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদ ব্যক্তিদের পরিবারের সদস্যরা এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা উপস্থিত থাকবেন।’
তিনি আরও বলেন, ‘দেশের জন্য আত্মত্যাগ করা তরুণদের অবদান ধরে রাখতেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।’
ওই স্মরণসভায় যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।