Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিকটকার প্রিন্স মামুনের ২ মামলায় জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৮:১৫

টিকটকার প্রিন্স মামুন। ছবি: সংগৃহীত

ঢাকা: যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন এবং ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার আব্দুল্লাহ আল মামুন, যিনি প্রিন্স মামুন নামে পরিচিত।

রোববার (১৬ আগস্ট) ঢাকার পৃথক দু’টি আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী পলাশ রায়।

আইনজীবী জানান, স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকী পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত এক হাজার টাকা মুচলেকায় মামুনের জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় দায়ের করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ২৬ নম্বর আদালতও তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আইনজীবী পলাশ রায় বলেন, ‘প্রিন্স মামুনের বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা না থাকায় এই দুই মামলায় জামিন পাওয়ার পর তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।’

এর আগে, স্ত্রীর করা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই আদালতের নির্দেশে প্রিন্স মামুনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া, ২৩ জুলাই গভীর রাতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় আরেকটি মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান গত ২৫ জুলাই প্রিন্স মামুনকে মামলাটিতে গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে ২৯ জুলাই তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত ওই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

সারাবাংলা/টিএম/পিটিএম