ঢাকা: মাদক মামলায় ভাগ্নের ৫ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পর আদালতেই অসুস্থ হওয়ার পর মারা গেছেন আইয়ুব নামে এক ব্যক্তি।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকার ১০ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় মো. মিঠুনসহ ৯ আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মিঠুনের মামা আইয়ুব। রায় শোনার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে দ্রুত পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান জানান, মামলার ৯ আসামির মধ্যে শুধু মিঠুন আদালতে উপস্থিত ছিলেন। অন্য ৮ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মো. মুরাদ, ছাবির, মো. রাজা, মো. মাসুম হোসেন, মো. বিল্লাল, রাজা, মো. ওয়াহিদুল সনু ও মো. জুম্মন মিয়া।
রায়ে প্রত্যেক আসামিকে ৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-২। অভিযানে এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ নয়জনকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার পর পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই উপ-পরিদর্শক সাজেদুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১৯ সালের ২৭ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচারকালে চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।