ঢাকা: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় এক নারী যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো. আরমান হোসাইন (২৭) নামে এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে মিরপুর-১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিদিনের মতো আজ সকালে ট্রাফিক পল্লবী জোনের মিরপুর-১০ নম্বরের ব্যস্ততম ক্রসিংয়ের শাহ আলী মার্কেটের সামনে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট মো. তুহিনুর রহমান তুহিন। ডিউটিরত অবস্থায় হঠাৎ একজন নারীর চিৎকারের শব্দ শুনে তিনি দ্রুত এগিয়ে যান। এ সময় তিনি লক্ষ্য করেন এক ছিনতাইকারী ওই নারী যাত্রীর ব্যাগ থেকে মোবাইল ফোন ছিনতাই করে দৌঁড়ে পালাচ্ছে।
নিয়াজ মেহেদী বলেন, পরিস্থিতি বুঝে সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে লক্ষ্য করে ধাওয়া করেন। পুলিশের ধাওয়া খেয়ে একপর্যায়ে ছিনতাইকারী তার হাতে থাকা ছিনতাইকৃত মোবাইল ফোনটি রাস্তা দিয়ে যাওয়া একটি বাসের নিচে ছুঁড়ে ফেলে দিয়ে আরও জোরে দৌঁড়াতে থাকে। কিন্তু পুলিশ সার্জেন্টও পিছু পিছু দৌঁড়াতে থাকেন এবং একপর্যায়ে সাহসিকতার সঙ্গে ছিনতাইকারী আরমান হোসাইনকে হাতেনাতে ধরতে সক্ষম হন তিনি। পরে বাসের নিচ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ভুক্তভোগীর নিকট মোবাইল ফোনটি বুঝিয়ে দেওয়া হয়।
তিনি বলেন, আটক ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে কাফরুল থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।