Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে বাজারে উঠেছে ১৫৫ কেজির কোরাল

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ২১:১৬ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১০:০৩

চট্টগ্রামে বাজারে উঠেছে ১৫৫ কেজির কোরাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ১৫৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। সচরাচর এত বড় মাছ দেখা যায় না বলে মাছটি দেখতে বাজারে উৎসুক ক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভিড় জমেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সুন্দরবন উপকূল থেকে মাছটি চট্টগ্রামে আনা হয়। ছয় ফুট লম্বা মাছটি সতেজ রাখতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। মাছটিকে ঘিরে বাজারজুড়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন।

মাছটির বিক্রেতা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলীয় এলাকায় একটি মাছ ধরার ট্রলারের জালে এটি ধরা পড়ে। বিশাল ওজনের কারণে জাহাজ থেকে ক্রেনের সাহায্যে মাছটি পিকআপ ভ্যানে তোলা হয়। পরে কাজীর দেউড়ি বাজারে এনে ১২ থেকে ১৫ জনের একটি দল পিকআপ থেকে নামিয়ে মাছটি দোকানে তোলে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনতে হয়েছে। পরিবহণে খরচ হয়েছে আরও ১০ হাজার টাকা। মাছটির প্রতি কেজির দাম ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মাছটি কেটে বিক্রি করা হবে।’

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, ‘বাংলাদেশে কোরাল অত্যন্ত মূল্যবান একটি সামুদ্রিক মাছ এবং এর বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। ছবি দেখে এটি কোরাল শ্রেণির মাছ বলেই মনে হয়েছে। স্থানীয়ভাবে অনেকে এটিকে কৈ কোরাল নামে চেনেন। তবে পরীক্ষা ছাড়া মাছটির বৈজ্ঞানিক পরিচয় নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

মৎস্য অধিদফতরের কর্মকর্তাদের মতে, মাছটির শরীর চ্যাপ্টা ও কিছুটা গোলাকার। পিঠ ও পেছনের পাখনা লেজের দিকে বিস্তৃত থাকায় দূর থেকে দেখতে যেন তিনটি লেজ রয়েছে বলে মনে হয়। মাছটির শরীরজুড়ে বাদামি ছোপও কৈ কোরাল মাছের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর