চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই লুব অয়েল, ডিজেল, স্ক্র্যাপ, ব্যাটারি ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড। চোরাচালান কাজে ব্যবহৃত দু’টি বোটও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সুমন আল মুকিত এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ জুন) রাত ১০টার দিকে পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহভাজন গামবোটে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় ছুরি, বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল (যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা), চারটি ব্যাটারি এবং নগদ ২ হাজার ২২৫ টাকা জব্দ করা হয়। চোরাচালানের কাজে ব্যবহৃত বোটটি জব্দ করার পাশাপাশি দুই চোরকেও আটক করা হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পতেঙ্গা থানাধীন ১১ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। সেখানে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা প্রায় ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকার ৭০০ লিটার ডিজেল, ২ টন স্ক্র্যাপ এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।