চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে একসঙ্গে মাঠে নেমেছেন এক মন্ত্রী ও তিন প্রতিমন্ত্রী। শনিবার (১৬ মে) বেলা ৩টার দিকে নগরীর বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ এলাকা ও খাল পরিদর্শন করেন তারা।
নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
শুলকবহর এলাকায় খাল সংস্কারকাজ পরিদর্শন শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। কারণ অতীতে প্রকল্প করা হলেও যথাযথভাবে সেখানে অর্থায়ন করা হয়নি। এখন চেষ্টা করা হচ্ছে, যা অর্থ প্রয়োজন তা দেওয়ার জন্য। যদিও বর্তমানে যুদ্ধের কারণে বিদ্যুৎ, তেল ও গ্যাসের বিল পরিশোধ করতে গিয়ে সরকারি তহবিলের অবস্থা কিছুটা কঠিন অবস্থায় রয়েছে। বিগত সরকারগুলোর রেখে যাওয়া দায়ও মেটাতে হচ্ছে। তা সত্ত্বেও চট্টগ্রামের এই প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এসব প্রকল্পে যদি কোনো লুটপাট হয়ে থাকে, তবে তার তদন্ত করা হবে। এর সঙ্গে কারা জড়িত, তাদেরও খুঁজে বের করা হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে এরইমধ্যে সিটি করপোরেশন ও সিডিএ অনেকগুলো কাজ করেছে, যার সুফল সামনে পাওয়া যাবে। বর্তমানে প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হচ্ছে এবং যেখানে যা সমস্যা আছে তা চিহ্নিত করা হচ্ছে। কিছু কিছু জায়গায় সরকারি জায়গার ওপর নির্মিত বাড়িঘর রয়েছে, তা সরাতে হচ্ছে। সেখানে প্রতিরোধ দেয়াল দেওয়া হচ্ছে এবং খালের গভীরতা ও প্রশস্ততাও বাড়ানো হচ্ছে।’
জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘খালকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া প্রকল্পের পূর্ণাঙ্গ সুফল পাওয়া সম্ভব নয়।’
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সিডিএ দু’টি, সিটি করপোরেশন একটি এবং পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৩৮৯ কোটি টাকা। গত আট বছরে প্রকল্পগুলোর কাজে খরচ হয়েছে ১০ হাজার ৪০৮ কোটি টাকা। ৭-৮ বছর ধরে এসব প্রকল্পের কাজ চলছে। সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের একটি করে প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান মো. নুরুল করিম, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট মো. মহসিনুল হক চৌধুরীসহ অনেকেই।