Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, গ্রেফতার ৫৩

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১১:৪৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ ১৬:৫৬

গ্রেফতারকৃতরা।

ঢাকা: রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুইটি স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৫৩ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কার্যকলাপ, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে রাতে গুলশানে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুইটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন বয়সের ৫৩ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, ‘গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

সারাবাংলা/এমএইচ/এআর