ঢাকা: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিশেষ বার্তায় ঢাকার ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক শুভকামনা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও কূটনৈতিক বন্ধুত্বের কথা স্মরণ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঘনিষ্ঠ ও সুদৃঢ় অংশীদারত্বকে আগামীদিনে আরও শক্তিশালী করতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সাথে একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাজ্য।
প্রসঙ্গত, প্রায় ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হলেন বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি। এ নির্বাচনে ২৫৫টি ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।পাশাপাশি বিএনপির মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এরইমধ্যেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি হিসেবে শপথ নিবেন তিনি।