ঢাকা: রাজধানীর বারিধারায় সড়ক দুর্ঘটনায় সেকেন্দার বকাউল (৭২) নামে এক সাবেক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা মো. ইব্রাহিম জানান, তাদের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার বাইশপুর গ্রামে। সেকেন্দার সাবেক পুলিশ সদস্য। অবসরের পর বারিধারায় নিরাপত্তা কর্মীর চাকরি করতেন। সেই সুবাদে সেখানেই থাকতেন।
তিনি আরও জানান, দুপুরে বারিধারার গেটেই রাস্তা পার হওয়ার সময় কোনো একটি যানবাহন তাকে চাপা দেয়। এতে তার মাথা থেতলে যায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে যান। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটরা থানা পুলিশকে জানানো হয়েছে।