চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে ডাম্পিং স্টেশনে নেওয়ার সময় চালক ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলে গুরুতর আহত হন পুলিশ কনস্টেবল আবদুল কুদ্দুস (৫৫)। এর পর তাকে হাসপাতালে ভর্তি করা। অবশেষে সেই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।
বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল কুদ্দুস চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ট্রাফিক-পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, ‘টানা ছয়দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার হার মানেন কনস্টেবল আব্দুল কুদ্দুস। তার মৃত্যুতে সবার মাঝে শোক নেমে এসেছে। এমন মৃত্যু কোনোভাবেই কামন্য নয়। এতে আমরা গভীরভাবে শোকাহত।’
এর আগে, গত শুক্রবার (১৫ মে) রাতে নগরীর পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় ব্যাটারিচালিত অবৈধ একটি অটোরিকশা আটক করে সেটি চালকের সহায়তায় মনসুরাবাদের ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল আবদুল কুদ্দুস। পথে চালক হঠাৎ আবদুল কুদ্দুসকে বাহনটি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান ওই পুলিশ সদস্য। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি।
এদিকে ঘটনার সময় স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশাচালক আবদুল জলিলকেও গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওইদিনই পাহাড়তলী থানায় একটি মামলা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।