ঢাকা: টানা বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাসের মানের তেমন উন্নতি দেখা যাচ্ছে না।
বুধবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে। এ সময় বাতাসের মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ছিল ১৫৯, যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।
বৃষ্টির পরেও কেন বায়ু দূষণ কেনো কমছে না এ বিষয়ে পরিবেশবিদরা বলছেন, সাধারণত বৃষ্টির সময় বাতাসে ভাসমান ধূলিকণা ও অন্যান্য দূষক ধুয়ে নিচে নেমে যাওয়ার কথা থাকলেও, ঢাকার ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। অপরিকল্পিত নগরায়ণ, অনিয়ন্ত্রিত নির্মাণকাজ, যানবাহনের কালো ধোঁয়া এবং শহরের চারপাশে থাকা শিল্পকারখানার নির্গমন এই পরিস্থিতির প্রধান কারণ। বৃষ্টিতে সাময়িকভাবে ধুলাবালি কিছুটা কমলেও, দূষণের উৎসগুলো সক্রিয় থাকায় বাতাসের মানের উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে না।
আইকিউএয়ারের তালিকায় বুধবার ঢাকার উপরে রয়েছে যথাক্রমে কঙ্গোর কিনাশা (২৩৯ একিউআই) এবং ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬০ একিউআই)। দূষিত শহরের তালিকার চার নম্বরে রয়েছে কাতারের দোহা (১৫৬ একিউআই) এবং পাঁচ নম্বরে বাহরাইনের মানামা।
দীর্ঘদিন ধরেই ঢাকা বায়ু দূষণের দিক থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাতাসে থাকা সূক্ষ্ম বস্তুকণা এবং বিষাক্ত গ্যাস দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি বাড়িয়ে তুলছে। দ্রুত পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং দূষণকারী উৎসগুলোর কঠোর তদারকি না করলে এই পরিস্থিতির উত্তরণ কঠিন হয়ে পড়বে।