ঢাকা: রাজধানী ঢাকার বায়ুর মানের আবারও অবনতি হয়েছে। সোমবার ও মঙ্গলবার ঢাকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকার দূষণ স্কোর রেকর্ড করা হয়েছে ১৬৭।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোর পর্যন্ত বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এর আগে টানা কয়েকদিন শহরের বাতাসের মান মাঝারি বা সহনীয় পর্যায়ে ছিল। এদিকে, আজ বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় ১২৫টি শহরের মধ্যে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।
উল্লেখ্য, বায়ুর মান শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে গণ্য হয়।