Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল-আবাসিক ভবন থেকে লাফিয়ে পড়ে ২ নারীর ‘আত্মহত্যা’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৭:৪২ | আপডেট: ১৩ জুন ২০২৬ ২০:৩৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় হাসপাতাল ও আবাসিক ভবন থেকে লাফিয়ে দুই নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৩ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে দুটি মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মৃতরা হলেন- বাড্ডা আফতাবনগরের মনিকা আক্তার (২৭) ও ধানমন্ডির আসমা আক্তার (৩০)।

আসমা আক্তারের ভাই মোজাম্মেল হক জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায়। বাবার নাম মোক্তার হোসেন। গত তিন বছর আগে সাফিউল্লাহর সঙ্গে বিয়ে হয় আসমার। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। হাজারীবাগ জিগাতলা এলাকায় তারা থাকতো। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলোহ চলে আসছিল।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অসুস্থ হয়ে আসমার স্বামী সাফিউল্লাহ ১০ জুন ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (১২ জুন) সকালে তার ছুটি দেওয়ার কথা ছিল। তখন সঙ্গেই ছিল আসমা। এদিন দুপুরে হাসপাতালের কেবিনের বারান্দা দিয়ে নিচে পড়ে যায় সে। এ সময় কেবিনে তার স্বামী ছাড়া কেউ ছিল না।

মোজাম্মেলের অভিযোগ, ঝগড়ার এক পর্যায়ে সাফিউল্লাহ আসমাকে ধাক্কা দিয়ে আটতলা থেকে নিচে ফেলে দিয়েছে। এদিকে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘দুপুরে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলার কেবিনের বরান্দা দিয়ে আসমা নামে এক নারী লাফিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা প্ররোচণায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী সাফিউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের হস্তান্তর করা হয়েছে।’

অপরদিকে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাড্ডা আফতাবনগরের বাসার সামনে থেকে মনিকার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মনিকা মানসিক বিকারগ্রস্থ ছিল। এদিন বিকেল সোয়া ৩টার দিকে আফতাবনগরের বাসার আটতলা থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের হস্তান্তর করা হয়েছে।

মৃত মনিকার বোন মোমিনা আক্তার মৌ জানান, তাদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দহঞ্জ থানার রামপুরা সরকার পাড়া গ্রামে। বাবার নাম মহির উদ্দিন। মনিকা বর্তমানে স্বামী মো. লিটন ও এক ছোলেকে নিয়ে বাড্ডা আফতাবনগর এলাকায় থাকতেন। বেশকিছুদিন ধরে মানসিক সমস্যা দেখা দেয় মনিকার। অনেক জায়গার তার চিকিৎসা চলছিল। এরমধ্যে গতকাল বিকেলে আটতলা থেকে নিচে লাফিয়ে পড়ে মারা যায়।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর