ঢাকা: মহাখালীর আমতলী এলাকায় বাসের ধাক্কায় আহত এক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (২৬এপ্রিল) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত নীলিমা রানী সুমনার (৩০) বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি বনানীতে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এর আগে শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আমতলী এলাকায় রাস্তা পারাপারের সময় কোনো একটি যানবাহনের ধাক্কায় আহন হন তিনি।
হাসপাতালে নীলিমা রানী সুমনার বাবা সুভাষ চন্দ্র বর্মন জানান, তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ছোট কুষ্টারী গ্রামে। বর্তমানে বনানী ২৪ নম্বর রোডের ১৮ নম্বর ব্লকের একটি হোস্টেলে থাকতেন তিনি। সুমনা বনানীতে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পাশাপাশি মহাখালী ইয়র্ক হাসপাতালে চাকরি করতেন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে গ্রাম থেকে তিনি ঢাকায় আসেন। আজ চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মেয়ের মৃত্যু হয়।
সুমনার সহপাঠী জুলফিকার হাসান বলেন, ‘পথচারীদের মাধ্যমে জানতে পারি শনিবার (২৬) রাতে মহাখালী এলাকায় রাস্তা পারাপারের সময় কোনো এক বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে প্রথমে শমরিতা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে মারা যায়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা পুলিশ তদন্ত করছে।