Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঙ্গায় কুমার নদে নিখোঁজ কৃষকের লাশ ১৮ ঘণ্টা পর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৭:৩৯

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কৃষক মিঠু খলিফার (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল নয়টার দিকে মোকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দা এলাকার কুমার নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

কৃষক মিঠু খলিফার বাড়ি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দি গ্রামের মৃত রশিদ খলিফার জ্যেষ্ঠ পুত্র।

এর আগে, শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে বাড়ির পাশে কুমার নদীতে পাট ধোয়া শেষ করে সাঁতার কেটে নিজ বাড়ির ঘাটের পাড়ের কাছাকাছি এসে ডুবে নিখোঁজ হয় সে।

স্থানীয়রা জানান, পাট ধোয়া শেষ করে মিঠু খলিফা সাঁতার কেটে পাড়ের কাছাকাছি এসে একটি বাঁশের খুঁটি ধরে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এরপর হঠাৎ করেই তিনি নিখোঁজ হন।

বিজ্ঞাপন

এরপর স্থানীয় গ্রামের লোকজন নৌকা নিয়ে এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসে সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফরিদপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে কুমার নদীতে নিখোঁজ কৃষক মিঠু খলিফাকে উদ্ধারের জন্য অভিযান চালায়। দীর্ঘ ৬ ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করে উদ্ধারকর্মীরা।

এদিকে, মিঠু খলিফা নদীতে নিখোঁজের ঘটনায় তার পরিবারের সদস্য ও আত্মীয়- স্বজনেরাসহ হাজারো গ্রামবাসী নদীর দুই পাড়ে অবস্থান করে।

এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন, রোববার সকালে আমরা তার মরদেহ উদ্ধার করি। এর আগে, শনিবার (১৫ আগস্ট) দুপুরে আমরা ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার কার্যক্রম চালাই। সন্ধ্যা ঘনিয়ে আসায় দীর্ঘ ছয় ঘণ্টার পর অভিযান সমাপ্ত করি।

 

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর