রাজবাড়ী: জেলার পাংশায় নিজের মাকে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পালিশ।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাটাখোলা এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ। এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তারা খাতুন (৪৫) পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের জাবেদ বিশ্বাসের স্ত্রী।
এ ঘটনায় নিহতের ছেলে রাজু বিশ্বাসকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে তারা বেগমের স্বামী জাবেদ বিশ্বাস পলাতক রয়েছেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, তারা খাতুনের ছেলে রাজু (২৮) ইয়াবা সেবন করতেন। একপর্যায়ে রাজু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তারা খাতুন ছেলের চিকিৎসার জন্য মোটরসাইকেলে কুষ্টিয়া জেলার বনগ্রাম এলাকার উদ্দেশে রওনা হন। তবে তারা খাতুনকে ছাড়াই তার ছেলে রাজু বিশ্বাস খালার বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরদিন সকালে তারা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, ‘আমরা নাদুরিয়া ঘাট এলাকা থেকে তারা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যার কারণে মৃত্যু অথবা সড়ক দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। সড়ক দুর্ঘটনায় তারা খাতুন মারা গেলে ছেলের উচিত ছিল বিষয়টি কাউকে অবগত করা। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’