Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বঙ্গোপসাগরে মিলল দুর্লভ মাছ ‘ধাতিনা ভোল’, সাড়ে ৩ লাখে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ০৯:৪৩

বিরল প্রজাতির ‘দাতিনা ভোল’ মাছ।

বাগেরহাট: বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বিরল প্রজাতির ‘দাতিনা ভোল’ মাছ। বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাটের কেবি বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রির জন্য তোলা হয়।

গত ১১ আগস্ট বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের ট্রলার ‘এফবি মায়ের দোয়া’-র জালে মাছটি ধরা পড়ে। সাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল পরিবেশের কারণে যখন ট্রলারটি কূলে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই শেষ মুহূর্তে জালে ধরা পড়ে এই মূল্যবান মাছটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার মাছটি বিক্রির জন্য তোলা হলে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। এত বড় ও দামি মাছ দেখতে বাজারে ভিড় জমান উৎসুক জনতা।

মাছটির ক্রেতা স্থানীয় মৎস্য ব্যবসায়ী হারুন মীর জানান, এই প্রজাতির মাছের মণ সাধারণত ৬ লাখ টাকার ওপরে থাকে। সেই হিসাব অনুযায়ী ২২ কেজির মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছেন তিনি। পরবর্তীতে বরফ দিয়ে মাছটি চট্টগ্রামের বড় মোকামে পাঠানো হবে বলে জানান তিনি।

উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, এই প্রজাতির মাছের পটকা বা বায়ুথলির আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা রয়েছে। বিশেষ করে চীন ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ওষুধ, সার্জিক্যাল সুতা এবং প্রসাধনী তৈরিতে এটি ব্যবহৃত হয়। দীর্ঘদিন পর এমন বড় আকৃতির মাছ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর