কুষ্টিয়া: কুষ্টিয়ায় চলমান লোডশেডিংকে কেন্দ্র করে জনমনে অসন্তোষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় বিদ্যুতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
মঙ্গলবার (১২ আগস্ট) কুষ্টিয়ার পুলিশ সুপারের কাছে এ চিঠি দেওয়া হয়। চিঠির অনুলিপি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো হয়।
ওজোপাডিকো কুষ্টিয়া কার্যালয় থেকে দেওয়া চিঠিতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদন স্বল্পতার কারণে সারাদেশের মতো কুষ্টিয়াতেও ব্যাপক হারে লোডশেডিং চালাতে হচ্ছে। এতে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হতে পারে।
চিঠিতে আরও বলা হয়, সংকটময় পরিস্থিতির সুযোগ নিয়ে কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনায় নাশকতার আশঙ্কা রয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ও পুলিশি নজরদারি জোরদার করা প্রয়োজন।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘চিঠিটি দেখেছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তার স্বার্থে পুলিশ নিয়মিত নজরদারি করে। পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে এসব স্থাপনায় নজরদারি বাড়াতে বলা হয়েছে।’