Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় ২৮ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৯:২৩

কুষ্টিয়ায় ২৮ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুষ্টিয়া: সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল, ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ট্যাবলেট ও পাতার বিড়িসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২৬ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ লালন হোসেন (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরদিন বুধবার (১২ আগস্ট) মধ্য রাতে চিলমারী এলাকার রারপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৯ বোতল ভারতীয় মদ, ১ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৯৮০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৪৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার হয়। একই সময় বিজিবির অন্য একটি দল শেওড়াতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল, ১ হাজার ১৩০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১ হাজার ১৬০টি ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

অন্যদিকে ভোরে রামকৃষ্ণপুর বিওপির টহল দল নিজপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৫২০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২৮ লাখ ২২ হাজার ৪৫০ টাকা।

বিজিবি আরও জানায়, আটক লালন হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর