Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদ্মার পাড় ধসে নদীতে পড়ে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ০৯:৫১ | আপডেট: ৬ আগস্ট ২০২৬ ১২:০৯

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীর পাড় ধসে নদীতে পড়ে নুরিয়া খাতুন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। একই ঘটনায় নদীতে পড়ে যাওয়া জামিলা খাতুন নামে অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ নুরিয়া খাতুন একই এলাকার আশিক শেখের মেয়ে। উদ্ধার হওয়া জামিলা খাতুন ইজাজুল মণ্ডলের মেয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকাজ চলমান আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এ সময় নুরিয়া ও জামিলা জিও ব্যাগের ওপর বসে খেলছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুই শিশু নদীতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলের পাশে কর্মরত শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়েন। তারা জামিলাকে উদ্ধার করতে সক্ষম হলেও প্রবল স্রোতের কারণে নুরিয়া নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, নিখোঁজ শিশুকে উদ্ধারে তাকে উদ্ধারে দৌলতপুর থানা পুলিশের পাশাপাশি ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ঈশ্বরদী নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করছে।