নীলফামারী: চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পরীক্ষা নেওয়ার পর ভুল ধরা পড়লে ২০২৬ সালের প্রশ্নপত্র সরবরাহ করে পুনরায় পরীক্ষা নেওয়া হয়।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া ইতিহাস বিষয়ের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, পরীক্ষার্থীদের হাতে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ওই প্রশ্নপত্রেই উত্তর লিখতে থাকেন। পরে ভুলটি ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। এরপর নতুন প্রশ্নে সময় বাড়িয়ে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষার্থীরা জানান, শুরুতে প্রশ্নপত্রে কিছু অসংগতি তাদের নজরে এলে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদের বিষয়টি জানানো হলেও তারা বিষয়টি গুরুত্ব দেননি। দীর্ঘ সময় পর কর্তৃপক্ষ বুঝতে পারে যে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।
পরীক্ষার্থী শুভ মিয়া বলেন, ‘আজ আমাদের ইতিহাস পরীক্ষা ছিল। দুইটি রুমে আমরা যখন চারটি সৃজনশীল উত্তর লেখা শেষ করি তখন একজন শিক্ষক এসে আমাদের নতুন প্রশ্নপত্র দেন। ততক্ষণে প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট সময় শেষ হয়ে গেছে। আবার নতুন করে আমাদের সাতটা সৃজনশীল লিখতে হয়েছে। একজন শিক্ষার্থীর পক্ষে কীভাবে ১১টি উত্তর লিখা সম্ভব?’
এ বিষয়ে বড়ভিটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীরকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা সঠিক প্রশ্ন দিয়ে পরীক্ষা নিয়েছি।’ একাধিক শিক্ষার্থীর অভিযোগের কথা তাকে জানালে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখেন।’
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি।
মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান বলেন, ‘আমি বর্তমানে মিটিংয়ে আছি। বিষয়টি সম্পর্কে অবগত আছি, এই বিষয় নিয়ে আমরা ইউএনও মহোদয়ের সঙ্গে বসছি।’