লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হয়ে গত আট মাস ধরে সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছে। দীর্ঘ সময় পার হলেও পুলিশ বা পরিবার তার কোনো সন্ধান পায়নি। মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা রহিমা বেগম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিখোঁজ তৃপ্তির মা এই আকুতি জানান।
নিখোঁজ তৃপ্তি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের কোরশ মো. হাজী বাড়ির বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২০২৫ সালের ২৯ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে রহিমা বেগম চিকিৎসার জন্য ঢাকায় যান। ওইদিন বিকেলে স্বামীর মোবাইলফোনে কল দিয়ে জানতে পারেন, মেয়ে তৃপ্তি বাড়ি থেকে পাশ্ববর্তী কালিবাজারে গেছে। কিন্তু এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
এই ঘটনায় একই বছরের ৬ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মা রহিমা বেগম। তবে জিডি করার আট মাস পার হলেও এখনো পর্যন্ত মেয়ের কোনো খোঁজ মেলেনি।
সংবাদ সম্মেলনে রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তৃপ্তি আমার ছোটো মেয়ে। আট মাস হয়ে গেল, আমার কলিজার টুকরাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পুলিশও এখন পর্যন্ত আমার মেয়ের কোনো সন্ধান দিতে পারেনি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ—দয়া করে আমার মেয়েকে খুঁজে বের করার কার্যকর ব্যবস্থা নিন।’
উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন ধরেই তৃপ্তি নিখোঁজ রয়েছে। তার পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করার পরও এখনো পর্যন্ত কোনো সন্ধান না পাওয়াটা অত্যন্ত দুঃখজনক।’
এদিকে, নিখোঁজ ডায়েরির (জিডি) তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানার মোবাইলফোনে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।