Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ১২ ঘণ্টা পর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ০০:২১

দুর্বৃত্তদের ধারাল অস্ত্রের আঘাতে আহত মো. হারুন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মো. হারুন (৩৫) নামে এক ব্যবসায়ী নিজের দোকানের মেঝেতেই প্রায় ১২ ঘণ্টা অচেতন হয়ে পড়েছিলেন।

এ ঘটনায় রোববার (৫ জুলাই) রাতে ভুক্তভোগীর ছোট ভাই নাজিম উদ্দিন সুজন বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত হারুন সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মৌলভীরহাট এলাকার একজন মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী এবং কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার আবুল বাশারের ছেলে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ জুলাই) রাতে বাজারে ফুটবল খেলা দেখছিলেন ব্যবসায়ী হারুন। খেলা শেষে রাত ১টার দিকে তিনি তার দোকানে প্রবেশ করেন। দোকানে ঢোকা মাত্রই পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করে। এতে তিনি তাৎক্ষণিকভাবে জ্ঞান হারিয়ে দোকানের মেঝেতে লুটিয়ে পড়েন।

বিজ্ঞাপন

শনিবার সারারাত পেরিয়ে রোববার সকাল গড়িয়ে দুপুর হলেও হারুনের চেতনা ফেরেনি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের লোকজন ওই দোকানে ঢুকে হারুনকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী মো. হারুন জানান, দোকানে ঢোকার পর পেছন থেকে আচমকা তার মাথায় আঘাত করা হয়। অন্ধকার থাকায় তিনি কাউকে চিনতে পারেননি। এর পর আর কিছু তার মনে নেই।

হারুনের ভাই নাজিম উদ্দিন সুজন বলেন, ‘আমার ভাইয়ের মাথায় দু’টি গভীর কাটার চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ব্যবসায়ীকে আঘাতের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর