পটুয়াখালী: জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ ও লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ের তাণ্ডবে ৩টি মাছধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জেলে নিখোঁজ হয়েছেন। এছাড়া আরও অন্তত ৫টি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা।
তিনি জানান, বুধবার দুপুর ১টার দিকে চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে ৬ জেলে নিয়ে একটি ছোট মাছধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝি উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৫ জেলে। এছাড়া গতকাল বিকেল ৫টায় বঙ্গোপসাগরের ১৭ কিলোমিটার গভীরে ১৮ জেলে নিয়ে ফকিরহাটের এফবি মহিমা নামের একটি ট্রলার ডুবে যায়। বুধবার দুপুরে ১৬ জেলে উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২ জেলে। এর আগে, গত রোববার বঙ্গোপসাগরের ৬০ কিলোমিটার গভীরে ১১ জেলে নিয়ে গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন অপর একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৫ জন উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৬ জেলে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে।’