পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলের অদূরে বঙ্গোপসাগরে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ১১ জন জেলেসহ মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুইদিন পেরিয়ে যাওয়ার পরও এখনো নিখোঁজ রয়েছে ছয় জেলে।
রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন বায়েজিদ (৩০), ইমাদুল শিকদার (৪০), নাজমুল (৩০), রাকিব (২২) ও সজিব (২৫)।
অন্যদিকে এখনো নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ইমাদুল খাঁ (৪৫), খরিদা গ্রামের হারুণ (৬০), গজালিয়া ইউনিয়নের আদানী গ্রামের ফোরকান (৪৫), সায়েদ (২০), আল-আমিন (৪০) এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের আক্কাস (২৫)।
উদ্ধার হওয়া জেলেরা জানান, গলাচিপা উপজেলার পানপুট্টি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল শিকদারের মালিকানাধীন ট্রলারটি শনিবার (৪ জুলাই) রাতে ১১ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওনা হয়। পরে রোববার রাতে সাগরে প্রবল স্রোত ও বিশাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে ডুবে যায়। এ সময় জেলেরা ট্রলারের বিভিন্ন অংশ ও একটি বয়া ধরে সাগরের বুকে প্রায় ৬ ঘণ্টা ভেসে ছিলেন। পরে রাত ৩টার দিকে একই এলাকার ইমাম শিকদারের একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করে।