রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ করেছেন তার স্বজনেরা।
বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে ভুল চিকিৎসার অভিযোগ তুলে এ বিক্ষোভে স্থানীয়রাও অংশ নেন বলে জানা গেছে।
বিক্ষোভের কারণে হাসপাতালের চিকিৎসাসেবা বিঘ্নিত হয়। পরে পাংশা মডেল থানা পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিহতের বড় ভাই কামাল হোসেন বলেন, ‘মঙ্গলবার (৩০ জুন) রাতে আনোয়ার হোসেন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাতে রোগীর অবস্থার উন্নতি হতে থাকে। সকালে আমার ভাই নিজে হেঁটে বাথরুমে যায়। দুপুরেও স্বাভাবিকভাবেই খাবার খেয়েছেন।’
তিনি দাবি করে বলেন, ‘দুপুর ২টার পর হাসপাতালের চিকিৎসক কুতুব আহমেদ ভাইয়ের শরীরে একটি ইনজেকশন দিলে অবস্থার অবনতি হতে থাকে। তখন আমরা জানালে আমাদেরকে চিকিৎসার জন্য ফরিদপুর নিয়ে যেতে অনুরোধ করেন। রোগীর অবস্থা দেখে তারা অ্যাম্বুলেন্স ঠিক করতে যান। তবে সে সময়ের মধ্যেই আমার ভাই মারা যান। এর পর থেকে ওই ডাক্তারকে আর হাসপাতালে পাওয়া যাচ্ছে না।’
জেলা সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন, ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর দাবিতে বিক্ষোভের বিষয়টি জানতে পেরেছি। রাতে সেখানে গিয়েছিলাম। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’