Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে একদিনে ৬ অস্বাভাবিক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ২১:৪৫ | আপডেট: ২৯ জুন ২০২৬ ২১:৪৯

মরদেহ। প্রতীকী ছবি।

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নারী ও কিশোরসহ ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বজ্রপাত, সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, ছয়টি মৃত্যুর ঘটনার মধ্যে তিনটিতে পরিবারের কোনো অভিযোগ নেই। বাকি তিনটি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ তিন ঘটনার একটিতে হত্যার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৯ জুন) সকালে রাধানগর ইউনিয়নের দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বৃষ্টির সময় একটি ঘরে আশ্রয় নেওয়া ফেরদৌস আলী (২০) নামের এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়। একই দিন পৌর শহরের শাহাপুর গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে নীলয় (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ছাড়া বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম খাগড়াবন্দ গ্রামে জাহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (২৮ জুন) সকালে উত্তর মোকসেদপুর ধাপপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নাঈম ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়। একই দিন দামোদরপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বসতঘর থেকে হৃদয় বাবু (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টা পর কুতুবপুর ইউনিয়নের নাটারাম নয়াপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পারভীন (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘একদিনে ছয়টি মৃত্যুর ঘটনাই অস্বাভাবিক। জাহিদুল ইসলামকে হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।’

তিনি আরও জানান, তিনটি ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। অপর তিনজনের মধ্যে দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অন্যজনের মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর