কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ ফরিদ হোসেন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ফরিদ হোসেন হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাবিল মোড় এলাকায় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক ব্যক্তিকে গণপিটুনির কারণে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’