চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫টি দেশীয় অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে চিকনদন্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ি থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান।
আটক যুবকরা হলেন— নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), আমান বাজার এলাকার মো. ফয়সাল ইসলাম জিহাদ (১৭), নতুনপাড়া এলাকার মো. ওয়দুল জামান রাকিব (১৬) ও মো. হাসান মুরাদ (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাটহাজারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পোশাককর্মী ও পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবককে স্থানীয়রা শনাক্ত করে। পরে তারা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ির ভেতর থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (রিভলভার) ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুর রহমান বলেন, ‘আটক ৪ জনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের আদালতে পাঠানো হবে।