Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে যৌথ অভিযানে শটগান উদ্ধার, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২০:৫৩

উদ্ধার করা শটগানসহ আটক সজীব সরদার

পিরোজপুর: জেলার সদর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সজীব সরদার (৩০) নামে এক যুবককেও আটক করা হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে জুসখোলা এলাকায় একটি বাগান থেকে শটগানটি উদ্ধার করা হয়।

আটক সজীব সরদার পিরোজপুর সদর উপজেলার ১ নম্বর শিকদার মল্লিক ইউনিয়নের জুসখোলা গ্রামের জাফর সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঢালাই কাজের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, শনিবার রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানসহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটির বিষয়ে তথ্য দেন এবং পিরোজপুর সদর উপজেলার জুসখোলা এলাকায় তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা রয়েছে বলে জানান।

বিজ্ঞাপন

পরে রোববার (৭ জুন) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে জুসখোলা এলাকায় সজীবের বাড়ির পাশের একটি বাগান থেকে শটগানটি উদ্ধার করা হয়।

পিরোজপুরের পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি থানায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অস্ত্র উদ্ধার অভিযান সফল হয়েছে।’

উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।